আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় হামলা, ভাঙচুর ও নাশকতার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘটিত ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।পুলিশ শুক্রবার আটককৃতদেরকে আদালতে পাঠিয়েছে। এদিকে পুলিশ বাদী হয়ে সংঘটিত ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করে থানায় মামলা রুজু করেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক তিনটি স্থানে ঘটনা ঘটে।
পুলিশ জানায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা, চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ও ভাঙচুর এবং তৈলারদ্বীপ এলাকায় আনোয়ারা -বাঁশখালী সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। ঘটনার পর আনোয়ারা থানা-পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন, মো. আবু তৈয়ব ও মো. হাবিবুর রহমান। আটককৃতদের মধ্যে আনোয়ারা ছাড়াও কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




