বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজের পর শিক্ষার্থী তাহমিদুল কবিরের (১৫) মরদেহ উদ্ধার করে নিজ গ্রাম চট্টগ্রামের আনোয়ারায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পরিবারের সদস্য ও সহপাঠীদের উপস্থিতিতে তাহমিদুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত পরিচালনা করেন।
জানাজার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিভেজা এই পরিবেশেই নানা বয়সী মানুষ, স্বজন, প্রতিবেশী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শেষ বিদায় জানাতে মাঠে উপস্থিত হন। জানাজার আগে তাহমিদুলের মরদেহের পাশে দাঁড়িয়ে একাধিক ব্যক্তি বক্তব্য দেন। একপর্যায়ে তাহমিদুলের বাবা মামুনুল কবিরকে সামনে ডাকা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসজল চোখে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট্ট নিষ্পাপ ছেলে। বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে সে আর ফিরে এল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পেয়েছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।’
তাহমিদুল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার দুপুরে ছয় বন্ধুর সঙ্গে শৈলপ্রপাত ঝরনায় ঘুরতে গিয়ে গোসলে নামার পর সে নিখোঁজ হয়। শৈলপ্রপাত এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মালসম বম জানান, গোসল করার একপর্যায়ে কখন তাহমিদুল ঝরনার নিচের খুমে পড়ে যায়, তা অন্যরা টের পায়নি। পরে সেখান থেকে ফেরার সময় তাকে না পেয়ে সঙ্গীরা খোঁজাখুঁজি শুরু করে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ছয় শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে কখন বের হয়েছিল, তা প্রথমে তাঁদের নজরে আসেনি। বিকেলে তাঁরা শৈলপ্রপাতে তাহমিদুলের নিখোঁজ হওয়ার তথ্য জানতে পারেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শৈলপ্রপাতে ঝরনার নিচের একটি খুম থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তাহমিদুলের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। জানাজায় উপস্থিত থাকা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন বলেন, ‘তাহমিদুল পড়াশোনায় খুবই ভালো ছিল। ভদ্র স্বভাবের এমন ছেলেটির মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।’
তাহমিদুল ছিলেন মামুনুল কবির ও মুনিয়া কবির দম্পতির মেজ সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তার বড় বোন নওশীন তাসনীমের বয়স ১৬ বছর এবং ছোট ভাই তাওসিফুল কবির আহাদ চার বছরের। পরিবারটি চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনিতে একটি ভাড়া বাসায় বসবাস করে। চলতি বছরের শুরুতেই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছিল তাহমিদুল।




