ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোকে অনিবার্য বলে মনে করছেন। তিনি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের জানিয়েছেন যে, তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন এই অভিযান পরিচালনার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাতে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি বৈঠকে নেতানিয়াহু এই অভিযানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে একমত হয়েছেন এবং তা অনুমোদনও করেছেন। এখন শুধুমাত্র অভিযান শুরুর সময় নির্ধারণের অপেক্ষা। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই তিনি যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছেন, যদিও নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, নতুন অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না এবং বছরের শুরুতে পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং তাদের হাতে এখনো সময় আছে।
বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেতানিয়াহু চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেকটি হামলার বিষয়টি বিবেচনা করছেন এবং ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়ন খতিয়ে দেখছেন। ওই গোয়েন্দা মূল্যায়নে দাবি করা হয়েছে, ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার অংশবিশেষ পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচিতেও অগ্রগতির আশঙ্কা রয়েছে।




