নগর প্রতিবেদক: ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া -সাতকানিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি (মামলা নম্বর-৮) দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।২০০৬-০৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদক দেখতে পায়, বাড়িভাড়া, রেমিট্যান্স, শিক্ষকতা এবং সংসদ সদস্যের সম্মানিসহ বিভিন্ন খাত থেকে তার মোট ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা বৈধ আয় রয়েছে।
অন্যদিকে, ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সম্মানি ও বকেয়া বেতন-ভাতা বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ অর্থ তিনি অবৈধভাবে উত্তোলন করেন। ফলে দুদক ওই অর্থকে অবৈধ আয় হিসেবে গণ্য করেছে।
এজাহারে আরও বলা হয়, স্ত্রী-সন্তানসহ পারিবারিক আয় বিবেচনায় তার মোট নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা। তবে তার নিট অর্জিত সম্পদের তুলনায় বৈধ আয়ের পরিমাণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা কম পাওয়া গেছে।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অবৈধ সম্পদ অর্জন করেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।



