ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এটিকে রাশিয়ার অন্যতম বড় আকাশপথের হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভয়াবহ এই আক্রমণে কিয়েভে ছয়জনসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইগনাত এই হামলাকে এ পর্যন্ত চালানো সবচেয়ে শক্তিশালী আক্রমণগুলোর একটি বলে উল্লেখ করেছেন।
কিয়েভের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিতস্কি ও সাউদার্ন ব্রিজে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রাজধানীর যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি সেতু যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরজুড়ে যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে শহরে চলাচল না করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, হামলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতজন চিকিৎসাকর্মী আহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর এই হামলায় রাশিয়া প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টি ড্রোন ব্যবহার করেছে। দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি জানিয়েছেন, হামলায় মোট ২৮ জন আহত হয়েছেন এবং রুশ বাহিনী দেশের নয়টি অঞ্চলে আঘাত হেনেছে। এর মধ্যে খারকিভের একটি অ্যাম্বুলেন্স হাসপাতালও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে কিয়েভের বড় ধরনের সামরিক অভিযানের কয়েক দিন পরই মস্কো এই পাল্টা আক্রমণ চালাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্রিমিয়া সেতুটির প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করা এবং শেষ পর্যন্ত এর একটি অংশ ধসিয়ে দেওয়ার পরিকল্পনা কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হয়েছিল। ২০১৯ সালে পুতিন ব্যক্তিগতভাবে সেতুটির উদ্বোধন করেছিলেন। ইউক্রেনের হামলার পর পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এর জবাবে মস্কোর পদক্ষেপ হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক।
এদিকে ইউক্রেনের ছোড়া একটি প্রজেক্টাইল পোল্যান্ডের ভেতরে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের একটি এলাকায় তল্লাশি চালাচ্ছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। পশ্চিম ইউক্রেনে রুশ হামলা অব্যাহত থাকায় ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে পোল্যান্ড যুদ্ধবিমানও মোতায়েন করেছে।
চলতি সপ্তাহের শুরুতে ক্রিমিয়া সেতুর সড়ক অংশ ধ্বংস করতে ইউক্রেনের বড় ধরনের সামরিক অভিযান মস্কোর জন্য কৌশলগত ও প্রতীকী আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর উপদ্বীপটিতে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে রাশিয়া। সেখান দিয়েই যুদ্ধের সম্মুখসারিতে রুশ বাহিনীর যাতায়াত ও রসদ সরবরাহ করা হয়।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেতুটির প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করা এবং শেষ পর্যন্ত এর একটি অংশ ধসিয়ে দেয়ার পরিকল্পনা কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হয়েছিল।




