রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে চার দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা (ডিবি) পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে গ্রেপ্তার তিনজন ঘটনার সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া পলাতক আসামিদের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ ছিল। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন বলে অভিযোগ করা হয়। পলাতক আসামিদের নাম-ঠিকানা শনাক্ত, গ্রেপ্তার, অর্থের উৎস উন্মোচন ও অস্ত্র উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করে পুলিশ।
আদালতে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও হারুন-অর-রশীদ রিমান্ড মঞ্জুরের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দোলনকে ৭ দিন এবং মিজানুর ও তমালকে ৪ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক এমপি দোলনকে, ধানমন্ডি থেকে সাবেক সচিব মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে অভিনেতা তমালকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনার পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন এসআই তানভীর মেহেদী।




