ব্রাজিলের আমাজন বনের দুর্গম অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন এক আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এই ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে আগের দিন সরকারি কর্মকর্তাদের একটি দলের সামনে আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্যকে দেখা যায়। সাধারণত বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা এই আদিবাসীদের এমনভাবে প্রকাশ্যে আসা সাম্প্রতিক কয়েক দশকে নজিরবিহীন।
সারভাইভাল ইন্টারন্যাশনাল ঘটনাটিকে একটি ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটির সংজ্ঞা অনুযায়ী, ‘যোগাযোগবিচ্ছিন্ন’ বলতে এমন আদিবাসীদের বোঝায়, যারা বাইরের জগৎ সম্পর্কে জানলেও বাইরের মানুষের সঙ্গে স্থায়ী কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখেন না। ধারণা করা হচ্ছে, নিজেদের ভূখণ্ডে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের ক্রমাগত অনুপ্রবেশের চাপে পড়ে খাবার সংগ্রহের উদ্দেশ্যে তারা লোকালয়ের কাছাকাছি আসতে বাধ্য হয়েছেন।
এই আদিবাসীদের সুরক্ষায় কাজ করা ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামক একটি দলের অনুরোধেই ছবিগুলো প্রকাশ করা হয়েছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স জানান, বিচ্ছিন্ন আওয়ারা চরম চাপের মধ্যে রয়েছেন। তাদের ভূখণ্ডের চারপাশ থেকে বহিরাগতরা ঢুকে পড়ছে, যার ফলে আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনখণ্ডে তাঁরা আটকা পড়েছেন এবং চারপাশে ধ্বংসযজ্ঞ চলছে।
ব্রাজিলের আদিবাসী-বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিবরণ পর্যালোচনা করছে। সংস্থাটি মারানিয়াওয়ের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামে বিচ্ছিন্ন আওয়াদের যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে। ফুনাই আরও জানায়, পরিস্থিতি সামাল দিতে তারা একটি জরুরি পরিকল্পনা কার্যকর করেছে, যার মূল লক্ষ্য হলো আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি যতটা সম্ভব কমিয়ে আনা। তবে ব্রাজিল সরকার আপাতত এই জনগোষ্ঠীর সঙ্গে নতুন করে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ না নেওয়ার নীতি বজায় রেখেছে।
ফুনাইয়ের তথ্যমতে, আওয়ারা মারানিয়াওয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের তুপি-গুয়ারানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সারভাইভাল ইন্টারন্যাশনালের হিসাবে, বিশ্বজুড়ে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা প্রায় ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যার ৯৫ শতাংশই আমাজন বনাঞ্চলে অবস্থিত। শুধু ব্রাজিলেই এমন ১২৪টি গোষ্ঠী রয়েছে। এদিকে, মারানিয়াওয়ের স্থানীয় আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করে বলেছে, অপরিকল্পিত যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসীদের জন্য রোগের ঝুঁকি এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।




