সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠির সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। ভারতীয় বার্তাসংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়া এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
রাশেদ খানের দাবি, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা চিঠিটি যাচাই-বাছাই করেছেন এবং সেখানে স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পেয়েছেন। তবে এই অভিযোগ বা চিঠির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান জানান, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। তার দাবি অনুযায়ী, হাইকমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে চিঠিতে থাকা স্বাক্ষরটি জাল।
রাশেদ খান প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি নথিতে কেন এমন ভিন্ন স্বাক্ষর ব্যবহার করা হলো। তার মতে, সরকারি নথিতে ব্যবহৃত স্বাক্ষর অবশ্যই আগে থেকে স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা সব সরকারি নথিতে বাংলায় স্বাক্ষর করতেন, তাই পাসপোর্ট ও এনআইডির আবেদনে অন্য কোনো ভাষার স্বাক্ষর থাকার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, 'শেখ হাসিনা একজন ব্যক্তি, তার স্বাক্ষরও একটি হওয়া উচিত।'
আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের সমালোচনা করে রাশেদ খান বলেন, তারা চিঠি পাঠানোর আগে শেখ হাসিনার স্বাক্ষরের ভাষা যাচাই করেননি। তিনি আরও বলেন, 'চোরের পেছনে কিছু না কিছু আলামত থেকেই যায়। শেখ হাসিনার স্বাক্ষর জাল করতে গিয়ে ম্যাট্রিক্স চেম্বার্সও একই ভুল করেছে।' তিনি মন্তব্য করেন, আবেদনের আগে আইনজীবীদের কাছে শেখ হাসিনার স্বাক্ষরের ধরণ সম্পর্কে জানার সুযোগ ছিল। এদিকে, আওয়ামী লীগের নেতারাও তাদের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট নথিগুলো প্রকাশ করেছেন।
চলতি মাসের শুরুতে লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ওই চিঠিটি পাঠানো হয়েছিল। চিঠিতে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী শেখ হাসিনার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা নিতে হাইকমিশনের শীর্ষ কূটনীতিকের প্রতি আহ্বান জানানো হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত এখনো তা কার্যকর করেনি।




