কারা অধিদপ্তরের শূন্য পদে ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির এই নন-ক্যাডার পদে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে গিয়ে স্ব-শরীরে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে।
গত ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং যোগদানের পরবর্তী দুই বছর তাদের চাকরি শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এই শিক্ষানবিশকালে যদি কারো আচরণ বা কর্মদক্ষতা সন্তোষজনক না হয়, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের চাকরি থেকে অপসারণের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে। এছাড়া চাকরি থেকে ইস্তফা দিতে চাইলে দুই মাস আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
নিয়োগের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ-সংক্রান্ত পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তবে ভবিষ্যতে যদি এসব তথ্যের কোনোটি ভুল প্রমাণিত হয়, তবে নিয়োগের আদেশ বাতিল করা হবে। এছাড়া চাকরিতে যোগদানের জন্য কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।
নিয়োগপ্রাপ্ত ২৯ জন ডেপুটি জেলার হলেন: মুহাম্মদ আইয়ূব নবী ইসলাম (চট্টগ্রাম), মো. ইকবাল হাসান (জামালপুর), শাকিল আহমেদ (নাটোর), মো. জুলকার নাইন (শেরপুর), শেখ ওসমান হারুনী (বরিশাল), মো. রাজীব হোসেন (গাজীপুর), অনুপ কুমার দত্ত (ব্রাহ্মণবাড়িয়া), শেখ নুরুজ্জামান জুয়েল (ফরিদপুর), আব্দুল ওয়াজেদ (শরীয়তপুর), মো. শরীফুল ইসলাম শরীফ (বান্দরবান), মো. শেকাবুল ইসলাম সৌরভ (বগুড়া), মো. রিফাত রাইয়ান খান (বরিশাল), মেহেদী হাসান নাহিদ (ভোলা), দীপ সরকার (ঢাকা), শরিফা ইয়াসমিন (ফরিদপুর), মো. নিজাম উদ্দিন শেখ (চাঁদপুর), জুলহাস আহমেদ শান্ত (ময়মনসিংহ), উত্তম সরদার (খুলনা), মো. আবু সাঈদ (নীলফামারী), মো. রাসেদ পারভেজ (নওগাঁ), মো. আবু নাছের (কুমিল্লা), মো. আশরাফুল মজিদ (ময়মনসিংহ), মো. ইমরান শাহেদ (বরগুনা), রাশেদুল মোস্তফা (কক্সবাজার), রাজু বিশ্বাস (বাগেরহাট), আবিদা সুলতানা লিনা (গাজীপুর), বিপুল চন্দ্র দেবনাথ (মৌলভীবাজার), মো. সোহেল মিয়া (চাঁদপুর) এবং লিংকন ভদ্র (নেত্রকোনা)।




