গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য শুক্রবার জেলা সার্কিট হাউসে আয়োজিত এক সভায় অংশ নেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে?’ তিনি আরও যোগ করেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জবাসীকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’ সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’ স্থানীয়দের প্রতি তার পরামর্শ, শান্তিপ্রিয় মানুষগুলো যেন অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেয়, কারণ এমন লোকের সংখ্যা খুব বেশি নয়।
পুড়িয়ে দেওয়া থানাগুলোর কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না।’ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।’
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, ‘সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের (আন্দোলনকারীদের) প্রতি আমাদের যেন স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যাওয়া না লাগে।’
এর আগে সকালে আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ গোপালগঞ্জে পৌঁছান। ঢাকা থেকে আসার পথে তাঁরা পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি। গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার পর সার্কিট হাউসে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল ও ফরিদপুর জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।




