শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, ক্ষমতা কিংবা পদ-পদবি ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, অনিয়ম কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাহমুদুল হক রুবেল বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য নেতা-কর্মীদের আচরণে সততা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলার প্রতিফলন থাকতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা শুনতে হবে। কোনো অবস্থাতেই যেন কেউ মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়া দলের সাংগঠনিক ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে দলের শক্তি বাড়াতে হবে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রত্যাশা পূরণ করা।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান। সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




