সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবারও অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ করা এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিল করা। এই দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চলমান এই পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই শ্রমিকরা কর্মবিরতি পালন করে সড়কে নেমে আসেন। সাভারের হেমায়েতপুর পদ্মার মোড়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা হাজিরা দিয়েই ঢাকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের মুখোমুখি অবস্থানের পর দুপুরে মধ্যাহ্নবিরতিতে শ্রমিকরা বাড়ি ফিরলে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়।
একই সময়ে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, সেতেরা গ্রুপ, জামগড়ায় ফ্যাশন ফোরাম, শিমুলতলায় নাভা নীট কম্পোজিট এবং এনভয় গ্রুপের শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়েই কর্মবিরতি শুরু করেন। জামগড়া এলাকার ইয়াগী বাংলাদেশ এবং গোরাট এলাকার ডেবোনিয়ার ও হলিউড গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। সবকটি কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা একযোগে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কুমকুমারী এলাকায় ‘এমকে অ্যাপারেলস’ নামের একটি তৈরি পোশাক কারখানায় বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তছনছ করেছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল হোসেন বলেন, এভাবে চলতে থাকলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে এবং বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন। চলমান অস্থিরতার কারণে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তিনি সতর্ক করেছেন।




