গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ ঘরের ভেতর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আঁখি বেগম (৩৫) এবং তার ৫ বছর বয়সী ছেলে আদিল। তারা ওই গ্রামের বাসিন্দা বাংলাদেশ রেলওয়ের কর্মী আব্দুর রাজ্জাক বাবুর প্রথম স্ত্রী ও সন্তান।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, মঙ্গলবার বিকেলে আঁখি বেগমের মেয়ে নানাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে। ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলে সে বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এসময় আঁখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফুল বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু জানান, ঘরের ভেতর থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



