সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের নোটিশ অনুযায়ী, আজকের সভায় মোট ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং দুইটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প কমিটির অবগতির জন্য সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হবে।
প্রস্তাবিত ২১টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৩৪ হাজার ৬৬৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ব্যয়ের উৎস হিসেবে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা জোগান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।



