নিজস্ব প্রতিবেদক: চতুর্মুখী চাপে এখন দিশেহারা ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। বিশেষ করে ডলারের বাজারে অস্থিরতা, ব্যাংকের ১৬ শতাংশ সুদ, অগ্রিম আয়কর এবং শতভাগ মার্জিনের চাপে রয়েছে আমদানিকারকরা।যার ফলে ব্যবসা চালিয়ে রাখার পরিবর্তে পুঁজি হারিয়ে আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন এসব এসএমই আমদানিকারকরা। অন্যদিকে ছোট ব্যবসায়ীরা সরে যাওয়ায় নিত্যপণ্যের বাজার এখন বড়দের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এতে আমদানির বিকল্প উৎসগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জানা গেছে, সবচেয়ে বড় আঘাত এসেছে পণ্য আমদানির ঋণপত্র খোলার এলসি মার্জিনে। নিত্যপণ্যে মার্জিন কম থাকার কথা থাকলেও ছোটদের কাছ থেকে শতভাগ ক্যাশ মার্জিন নেওয়া হচ্ছে। এতে পণ্য আসার আগেই পুরো পুঁজি ব্যাংকে আটকে থাকছে। খাতুনগঞ্জের আমির মার্কেটের এক ডাল আমদানিকারক এর বড় উদাহরণ। দু’টি চালানে শতভাগ মার্জিন ও অগ্রিম কর দিতে গিয়ে তার সব পুঁজি আটকে যায়। নতুন ঋণ না পেয়ে তিনি ব্যবসা বন্ধ করে এখন অন্যের কমিশন এজেন্ট হিসেবে কাজ করছেন।
আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’-এ এলসি ছাড়া বাণিজ্যের সীমা তুলে দেওয়া হয়েছে। কিন্তু বিদেশি সরবরাহকারীরা ভালো ক্রেডিট রেটিং ব্যাংক ছাড়া বাকি দেয় না। ফলে এই সুবিধায় বড়রা বাকিতে পণ্য আনলেও ছোটরা ব্যাংকের নিশ্চয়তা ছাড়া পণ্য পাচ্ছে না। এতে প্রতিযোগীতামূলক বাজার ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে।
অন্যদিকে, বন্দর ও কাস্টমসে ২ থেকে ৫ শতাংশ হারে অগ্রিম আয়কর (এআইটি) কেটে নেওয়া হচ্ছে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের অন্যান্য ব্যবসার মুনাফার সঙ্গে এই কর সমন্বয় করে নেয়। কিন্তু একক কৃষিপণ্য আনা ছোট ব্যবসায়ীদের টাকা আর ফেরত বা সমন্বয় হয় না। ফলে তাদের নগদ পুঁজি চিরতরে আটকে যাচ্ছে।
একটি বেসরকারি ব্যাংকের হিসাব বলছে, ২০২৪ সালে এসএমই খাতে এলসি নিষ্পত্তি হয়েছিল ৫৮ লাখ ৬০ হাজার ডলার। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ২০ হাজার ডলারে। চলতি ২০২৬ সালে তা আরও কমে নেমেছে মাত্র ১২ লাখ ৩০ হাজার ডলারে। অর্থাৎ, দুই বছরে ছোট ব্যবসায়ীদের ঋণপত্র খোলা কমেছে প্রায় ৭৯ শতাংশ।
খাতুনগঞ্জের ব্যবসায়ী জারিফ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মঞ্জুর মোর্শেদ জানালেন, ক্ষুদ্র আমদানিকারকরাই নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখেন। কিন্তু ডলারের লাগামহীন দামে উৎসাহ হারাচ্ছে সবাই। এর ওপর ব্যাংকের চড়া সুদ ও অগ্রিম আয়করের (এআইটি) বোঝা জিম্মি করে ফেলেছে। সরকারের নীতিগত সহায়তা ও ব্যাংকিং জটিলতা না কমালে আমাদের টিকে থাকা অসম্ভব।
তিনি বলেন, ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এখন স্পট রেট নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। বড় গ্রুপগুলোর নিজস্ব রপ্তানি আয় আছে। তারা বিদেশ থেকে বাকিতে পণ্যও আনতে পারে। কিন্তু ছোট ব্যবসায়ীদের নগদ স্পট রেটেই ডলার কিনতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদ এখন ১৬ শতাংশ। তাছাড়া ঋণ ও আমানতের সুদের ব্যবধান (স্প্রেড) ৪ শতাংশে সীমিত থাকায় ব্যাংকগুলো ছোটদের ঋণ দিতে আগ্রহী নয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন জানালেন, দেশের মোট ব্যবসার ৭০ থেকে ৮০ শতাংশে এসএমই উদ্যোক্তারা ভূমিকা রাখেন। তারা পচনশীল ও নিত্যপণ্য দ্রুত বাজারে এনে সরবরাহ সচল রাখেন। বর্তমানে ঋণ সংকট ও উচ্চ সুদে এই খাত বড় ধাক্কার মুখে। ছোটরা হারিয়ে গেলে পুরো বাজার গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। যা দীর্ঘমেয়াদে পণ্যবাজারে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে।
বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বললেন, বাজার স্থিতিশীল ও ভারসাম্য রাখতে ছোট-বড় সব ব্যবসায়ীর প্রয়োজন আছে। ছোটরা হারিয়ে গেলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে। সরকারের রাজস্ব ও কর্মসংস্থান কমে যাবে।
আগ্রাবাদে বেসরকারি ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানালেন, এসএমই খাতে তদারকি খরচ ও ঝুঁকি বেশি। তাই ব্যাংকগুলো ছোটদের বদলে বড় গ্রুপ ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগকে নিরাপদ মনে করছে। এতে ছোটরা পিছিয়ে পড়ছে।




