তৈরি পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণের দাবিতে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই জরুরি সম্মেলনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ), গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সভাপতি মীর আবুল কালাম আজাদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জি-স্কপের অন্যতম নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল।
নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনযাত্রার মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। একইসঙ্গে কারখানা বন্ধ করে দেয়া কোনো সমাধান হতে পারে না বলে তারা মত প্রকাশ করেন। শিল্পের উৎপাদন সচল রাখার স্বার্থে শ্রমিকদের ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়িভাড়ার চাপের কারণে শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ২০২৩ সালে নির্ধারিত মজুরি নিয়ে অসন্তোষ ছিল এবং ২০২৪ সালে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করা হলেও তা অপ্রতুল ছিল। তবে শ্রম আইন সংশোধনীতে ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান এবং নতুন মজুরি বোর্ড গঠন করায় নেতারা সরকারকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, বিবিএস এবং বাজারদর বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এমন একটি সম্মানজনক মজুরি সুপারিশ করবে যা ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।
মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিক নেতাদের পক্ষ থেকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষিত শ্রমিক এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠা এবং নির্ধারিত মূল্যে চাল প্রদানের দাবি জানানো হয়। এছাড়া হাসপাতালগুলোতে দ্রুত আউটডোর সেবা চালুর অনুরোধ করা হয়েছে।
চলমান অস্থিরতার পেছনে রাজনৈতিক ও ব্যবসায়িক উস্কানি রয়েছে বলে অভিযোগ করে নেতারা বলেন, ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। নভেম্বর ও ডিসেম্বর মাস পোশাক শিল্পের উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, তাই কোনো প্ররোচনায় পা না দিয়ে এবং মজুরি বোর্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে শ্রমিকদের উৎপাদন সচল রাখার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মালিকপক্ষকে কারখানা বন্ধ না রেখে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত কর্মীদের মামলা প্রত্যাহার, মুক্তি এবং আহত শ্রমিকদের সুচিকিৎসার দাবি জানানো হয়। কারখানা ভাঙচুরের ঘটনায় সাধারণ শ্রমিকরা জড়িত নন জানিয়ে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এডভোকেট মন্টু ঘোষ, সালাউদ্দিন স্বপন, নাজমা আক্তার, আমিরুল হক আমিন, তাসলিমা আক্তার, মাহতাবউদ্দিন শহিদ, লাভলী ইয়াসমিন, আতিকুর রহমান, সুলতানা বেগম, মো. রুহুল আমিন এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সবশেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন নাহিদুল হাসান নয়ন।




