সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বুধবার সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেছিলেন। তবে সকাল ৯টার পরপরই পরিস্থিতির অবনতি ঘটে এবং বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুরুতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা বেরিয়ে আসেন। এরপর তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক ধরে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন কারখানার মূল ফটকে অবস্থান নেন এবং ভেতরে থাকা শ্রমিকদের বেরিয়ে আসার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন।
একইভাবে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকায় শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তারা হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের সঙ্গে অনেক বহিরাগত ব্যক্তি যোগ দিয়েছেন। এছাড়া মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রমিকদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু কারখানার মালিকপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।




