দেশের রাজনীতিতে ফের আবর্তিত হচ্ছে এক অস্থির ও সংঘাতময় অধ্যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত আগামীকালের (১৯ নভেম্বর) ‘লকডাউন’ কর্মসূচি এবং সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি ফাঁস হওয়া ফোনালাপকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। গোপালগঞ্জের সহিংসতার আদলে টার্গেট করা হয়েছে আরো অন্তত ২৯ জেলাকে। একদিকে গোপন বৈঠক থেকে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির নির্দেশ, ইউনিয়ন পর্যায়ে অগ্নিসংযোগ ও সহিংসতার ছক এবং ঝটিকা মিছিলের মাধ্যমে অস্তিত্ব জানান দেওয়ার মরিয়া চেষ্টা; অন্যদিকে এই নাশকতার জাল ছিন্ন করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে সরকার ও প্রশাসন। সীমান্ত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি; প্রশ্ন উঠেছে প্রশাসন ও পুলিশের একাংশের ভূমিকা নিয়েও। একদিকে নিষিদ্ধ সংগঠনের নাশকতার পরিকল্পনা, অন্যদিকে তা কঠোর হাতে দমনে সরকার ও রাজনৈতিক মিত্রদের নেওয়া প্রতিরোধমূলক কৌশল—সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তা আর টানটান উত্তেজনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার পর দেশের অন্য জেলাগুলোতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এই কর্মসূচি সফল করতে ভারতের কলকাতায় অবস্থানরত দলটির কয়েকশ নেতা-কর্মী নিয়মিত সভা করছেন। এসব সভায় কেন্দ্রীয় নেতারাও যোগ দিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দিচ্ছেন। দলীয় নেতারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া অনেক নেতা-কর্মী এরই মধ্যে গোপনে দেশে ফিরেছেন। গ্রেপ্তারের ভয় থাকলেও তারা সাংগঠনিক তৎপরতা বাড়ানোর জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, গোপালগঞ্জে যা ঘটেছে, তা দলীয় সিদ্ধান্তেই হয়েছে। একইভাবে আরো ২৯টি জেলায় এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ঢাকার পাশের গাজীপুর ও নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, উত্তরের গাইবান্ধা ও দিনাজপুর এবং সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরা অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন। পাশাপাশি ঢাকার প্রবেশপথ সাভার ও আশুলিয়া এলাকায় তৎপরতা চালাতে নেতৃত্ব ঠিক করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ওই নেতা আরো জানান, সব জেলায় গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলটির একজন যুগ্ম সম্পাদক বলেন, এই লকডাউনের মাধ্যমে তারা মূলত নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চান।
গোয়েন্দা সূত্র জানায়, গাজীপুরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে সংগঠনটির দৃশ্যমান তৎপরতা খুব বেশি না থাকলেও ডিসেম্বরকে সামনে রেখে নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ ক্ষেত্রে অন্তর ও তার অনুসারীদের মাঠে নামানোর পেছনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভূমিকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির মোড়লের নামও সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার আলোচনায় এসেছে। ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের বাইরে বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি। এ ক্ষেত্রে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রীপুরের কয়েকটি এলাকায় দায়িত্ব বণ্টনের কথা জানা গেছে। এসব কর্মকাণ্ডে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনার বিষয়েও অভিযোগ উঠেছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকাকেও সম্ভাব্য রাজনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর অনুসারীদের মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক রাজনৈতিক নেতাদের অনুসারীদের ভূমিকা নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী ওয়ালীউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর তার বদলে আড়াইহাজারের আলী হোসেন চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রূপগঞ্জও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। রাজধানীর প্রবেশপথ এবং বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় সম্ভাব্য অবরোধ, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেখানে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
সাবেক মন্ত্রী মোজাম্মেলের ফোনালাপ ফাঁস হঠাৎ করেই দেশজুড়ে শুরু হয়েছে জ্বালাও-পোড়াও পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন মহলের দাবি, এটা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এবার এর একটি প্রমাণও হাজির করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ফোনালাপের একটি অডিও প্রকাশ করেছেন। সেখানে আ ক ম মোজাম্মেল আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার নির্দেশ দিয়েছেন। জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে অডিওটি পোস্ট করেছেন সোমবার রাত ১১টা ২৩ মিনিটে। ওই পোস্টে তিনি জানিয়েছেন, ১৫ নভেম্বর একটি ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেন।
রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতেও শোনা যায়। অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ‘এখনো সময় শেষ হয়ে যায়নি। ১৯ তারিখে আমাদের যে কর্মসূচি লকডাউন, হরতাল। ১৯ তারিখে যদি প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা-তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে… বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে।’ মোজাম্মেল হক আরো বলেন, ‘দুইটা লোকেরা… বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে… দুইটা-চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগ্গা। এ রকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।’ সাবেক ওই মন্ত্রী বলেন, ‘কোমরে গামছা বাঁধেন। লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতার ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেব। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে আট দফা দাবিতে এই লকডাউন ডাকা হয়েছে। কর্মসূচি চলাকালে সব ধরনের যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলের সব সহযোগী সংগঠনকে সক্রিয়ভাবে মাঠে থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় ও মামলা প্রত্যাহার, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বন্দি নেতাদের মুক্তি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, মানুষের জানমালের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা।
অন্যদিকে, যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লকডাউনকে কেন্দ্র করে ঝটিকা মিছিল, আগুন দেওয়া, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের আশঙ্কায় সারা দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি, তল্লাশি চৌকি ও টহল। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। ইতিমধ্যে সীমান্ত জেলাগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের তৎপরতা বাড়াতে বিভিন্ন পর্যায়ে রদবদল আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন বা দল যাতে কোনোভাবেই নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানান, গত সপ্তাহে ছাত্রলীগের ধর্মঘটে গাড়িতে আগুন ও হাতবোমা বিস্ফোরণ এবং সুনামগঞ্জে একজন সাবেক সংসদ সদস্যের গোপন বৈঠকের পর ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা সেই উদ্বেগ আরো বাড়িয়েছে। এ ছাড়া তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির চলমান আন্দোলনেও কেউ সুযোগ নিয়ে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর সব এলাকায় দলীয় নেতা-কর্মীদের তৎপরতা বাড়ানোর এবং প্রয়োজনে পুলিশের পাশে থেকে যেকোনো নাশকতা প্রতিহত করার নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই নাশকতার ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরপরই জেলার ডিসি, এসপি ও তিন থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীদের নিজেদের মধ্যকার বিভেদ ভুলে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে আওয়ামী লীগের পাতা উসকানির ফাঁদে পা না দিয়ে সতর্ক ও কৌশলী অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের অন্য কোথাও সাংগঠনিক তৎপরতা না থাকায় আওয়ামী লীগ গোপালগঞ্জকেন্দ্রিক বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে উসকানি দিচ্ছে। তাদের লক্ষ্য বলপ্রয়োগে প্রাণহানি ঘটলে তা পুঁজি করে নিজেদের ‘ভুক্তভোগী’ হিসেবে উপস্থাপন করা। কিন্তু সরকার সেই সুযোগ দিতে চায় না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি সামাল দিচ্ছে; তবে তারা সীমালঙ্ঘন করলে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সরকারের নীতিনির্ধারকদের তথ্যমতে, সরাসরি সংঘাতে না গিয়ে আগাম গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নাশকতায় অর্থের জোগানদাতাদের শনাক্ত করা, পাড়া-মহল্লায় সতর্ক পাহারা ও জাতীয় ঐক্য গড়ে তোলা এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতকদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিত দিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাশকতায় জড়িত ১২৭ নেতার তালিকা প্রস্তুত দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ১২৭ রাজনীতিকের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আর্থিক গোয়েন্দা সংস্থা। তারা রাজনৈতিক ব্যানারে দিব্যি অপকর্ম চালিয়ে আসছেন। এ কাজে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করারও তথ্য পেয়েছে পুলিশের একটি বিশেষ ইউনিট। এসব নেতার মধ্যে বেশির ভাগ দেশে অবস্থান করলেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাদের অর্থের উৎস ও বিনিয়োগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বিদেশ থেকেও নাশকতা জন্য অর্থ আসছে। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিভিন্ন তদন্ত ও গোয়েন্দা তথ্যের আলোচনায় রাজনৈতিক পরিচয়, আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভূমিকা নতুন করে গুরুত্ব পাচ্ছে।
বিশেষ করে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এনবিআরের আর্থিক অনুসন্ধান এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এর অংশ হিসেবে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে কাজ করছে। তদন্তের আওতায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় অর্থের জোগানদাতা এবং পরিকল্পনাকারীদের অধিকাংশই স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছেন, তবে সীমান্ত দিয়ে দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তারা দেশেই অবস্থান করে বিভিন্ন মাধ্যমে তাদের নেটওয়ার্ক সচল রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ-প্রশাসনেও বেড়েছে গোয়েন্দা নজরদারি এদিকে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সরকারের ভেতরেই অস্বস্তির কারণ হয়ে উঠেছেন কিছু কর্মকর্তা। পুলিশের কিছু কর্মকর্তার পাশাপাশি সচিবালয়ের ভেতর থেকেও কয়েকজন কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারিও বেড়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ, তথ্য সরবরাহ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। শিগগিরই কয়েকটি জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হতে পারে। সরকারের আশঙ্কা, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি অংশ এখনো সক্রিয়। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাঁদের কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহ করছেন, আবার কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন। সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরকারের এই উদ্বেগ বাড়িয়েছে।
গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ প্রকাশ্যে আসে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও শোডাউন করেন। লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের তিন আমল থেকে বর্তমান প্রশাসনে থাকা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ তিন শতাধিক কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে সরকার। বর্তমানে প্রশাসনে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা কর্মকর্তা, ডিসি (জেলা প্রশাসক) ও সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা অপতৎপরতা করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন অভিযোগের ভিত্তিতে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন ক্যাডারে কর্মরত সাড়ে ছয় হাজার কর্মকর্তার মধ্যে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন প্রায় আড়াই হাজার। তাঁদের কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং মন্ত্রণালয়ের সমমর্যাদার পদে কর্মরত রয়েছেন। তাঁদের কাউকে কাউকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।




