এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ২৬ হাজার ৬৪৫ জন বেশি।
পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের বিদ্যমান সিদ্ধান্ত অনুযায়ী, অকৃতকার্য শিক্ষার্থীরা এক বা দুই বিষয়ে এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে পুনরায় পরীক্ষার ফল প্রকাশ হতে হতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারানোর শঙ্কা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়।




