মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন শ্রমিকেরা। এছাড়া বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকালে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়, কিন্তু শ্রমিকেরা এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় নতুন করে অবরোধ সৃষ্টি করতে থাকেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় আগুন জ্বালিয়েও শ্রমিকেরা বিভিন্ন স্থানে অবরোধ করেন।
বিক্ষোভের জেরে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিক অসন্তোষের মুখে বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত গাছা ও বাসন সড়ক এলাকার অনেক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।




