তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে দর-কষাকষির জন্য ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার একটি প্রস্তাবনা তুলে ধরেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক একটি মিডিয়া ব্রিফিংয়ে এই প্রস্তাবনা ও গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে তিনটি স্তরে মজুরির হিসাব দেখানো হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বর মাসে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে বজায় রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হওয়া প্রয়োজন, যা কেবল আগের ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখবে কিন্তু জীবনযাত্রার মান বাড়াবে না। দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকতে হলে প্রতি আয়কারীর ন্যূনতম আয় হতে হবে ১৮ হাজার ৫৭৮ টাকা। তৃতীয়ত, অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য চার সদস্যের পরিবারের একজন কর্মীর জন্য ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের প্রেক্ষাপটে কোনো ধরনের সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা উচিত। তিনি জানান, ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের পর ২০২৬ সালের অক্টোবরে শ্রমিকরা ৩০ হাজার টাকা দাবির আন্দোলনে নামে। পরবর্তীতে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করলেও মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনও অপেক্ষাধীন। মালিকপক্ষ উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে মজুরি বৃদ্ধির সীমাবদ্ধতার কথা জানাচ্ছে। অন্যদিকে শ্রমিকরা খাদ্য ও বাসস্থানের আকাশছোঁয়া খরচ মেটাতে মজুরি বৃদ্ধির দাবিতে অটল।
মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করতে হবে, যাতে অনাকাঙ্ক্ষিত অসন্তোষ এড়ানো যায়।আবেগ বা চাপভিত্তিক দরকষাকষির পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত এবং শ্রমিক পরিবারের প্রকৃত আকার ও আয়কারীর সংখ্যা বিবেচনা করে মজুরি নির্ধারণ করতে হবে।২০২৯ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাজারে টিকে থাকতে শোভন কাজ এবং 'লিভিং ওয়েজ' নিশ্চিত করা সময়ের দাবি।




