চকরিয়া অফিস : চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে হতদরিদ্র জেলেদের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদে প্রতিজন জেলের নামে বরাদ্দের চাল বিতরণকালে বস্তা খুলে খুলে চাল হাতিয়ে নেওয়া হয়েছে। এভাবে প্রতিজন জেলেকে চাল কম দেওয়ায় ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে শফিকুল আলম (৩৮) নামের জেলে জনগোষ্ঠীর এক প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে গুরুত্বর জখম করেছে।
এঘটনায় আহত জেলে প্রতিনিধি চকরিয়ার বদরখালীর বাসিন্দা বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সদস্য মো.শফিকুল আলম বাদি হয়ে বুধবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগকারী বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত করিম দাদ এর ছেলে।
জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে বর্তমানে সাগর থেকে সবধরনের মাছ আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে। সরকারের মৎস্য অধিদপ্তর সারাদেশে বেকার হয়ে পড়া হতদরিদ্র জেলেদের জন্য ভিজিএফ কর্মসুচির আওতায় চাল বিতরণ শুরু করেছেন। এরই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকাভুক্ত জেলেদের মাঝে চাল বিতরণ চলছে। তালিকা মতে, বদরখালী ইউনিয়নে ৮৬২ জন জেলেকে চাল দেওয়া হচ্ছে।
মারধরের শিকার আহত জেলে প্রতিনিধি শফিকুল আলম লিখিত অভিযোগে দাবি করেন, মঙ্গলবার বদরখালী ইউনিয়ন পরিষদে স্থানীয় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। ওইসময় পরিষদের নিয়োজিত কিছু শ্রমিক প্রতিজন জেলের চালের বস্তা খুলে খুলে বিপুল পরিমাণ চাল হাতিয়ে নিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, চাল কম দেওয়ার ঘটনায় আমি তাৎক্ষণিক প্রতিবাদ জানালে উল্টো ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি মেরে গুরুত্বর জখম করে।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, বরাদ্দ অনুযায়ী প্রতিজন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে। ৫০ কেজির একটি বস্তা দেওয়ার পর অবশিষ্ট ৬ কেজির জন্য অপর একটি বস্তা খুলতে হয়। আর বস্তা না খুললে খুচরা ৬ কেজি চাল কীভাবে কোথা থেকে এনে দেব।
ইউপি চেয়ারম্যান পাল্টা প্রশ্ন করে বলেন, জেলেদের জন্য চাল বরাদ্দ দিয়েছেন সরকার। উপজেলা খাদ্য গুদাম থেকে এসব চাল দুইটি ট্রাকে করে এনে বদরখালী পৌছাতে হয়। আবার ১৮-২০ জন শ্রমিক দিয়ে ট্রাক থেকে নামিয়ে ইউনিয়ন পরিষদে নিতে হয়। তারপর বিতরণ। অথচ চালের কেরিং বাবত যত টাকা পথে পথে খরচ পড়েছে, সবটুকু আমাকে বহন করতে হয়েছে। এরপরও আমরা অপরাধী।




