নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের অবকাঠামোগত উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০টি উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রাক্তন মেয়র এবং বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার (১৪ নভেম্বর) দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নগরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরতে গিয়ে তিনি এমন তথ্য দেন।
একই সময়ে সড়ক, সেতু, কালভার্ট ও নালা উন্নয়নের পাশাপাশি সংস্থাটির রাজস্ব আয় বেড়েছে এবং দেনা কমেছে বলেও জানান তিনি। তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি এখনো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন চসিক প্রশাসক।
শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় চসিকের দেনার পরিমাণ ছিল ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। নিয়মিত ব্যয় নির্বাহের পাশাপাশি দেনা পরিশোধ এবং রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজস্ব আয়ের বিষয়ে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চসিকের আয় হয়েছে ৫৫৭ কোটি টাকা, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। চট্টগ্রাম বন্দর থেকে গৃহকর আদায় ৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২২৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ৩৬টি বেসরকারি কনটেইনার ইয়ার্ডকে পৌরকর মূল্যায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরে চসিক প্রশাসক জানান, গত দুই বছরে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট ও ১২ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ১০টি গোলচত্বর উন্নয়ন ও নির্মাণসহ মোট ৭০০টি উন্নয়নকাজ বাস্তবায়নে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে।
যানজট নিরসনে নগরের বিভিন্ন স্থানে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে চারটির নির্মাণকাজ শেষ হয়েছে, ১৫টির কাজ চলমান এবং বাকি ১৭টির দরপত্র প্রক্রিয়া চলছে। কুলগাঁওয়ে তৃতীয় বাস টার্মিনালের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
জলাবদ্ধতা নিরসনে ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেন শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা প্রতিবছর পরিষ্কার করা হচ্ছে। অবশিষ্ট ৪০টি খাল সংস্কারের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান প্রকল্প শেষ হলে ৩৬টি খালের রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি ডিজিটাল অ্যাপ চালুর কথাও উল্লেখ করেন চসিক প্রশাসক। তার দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটিতে ছয় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২০০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
ক্রীড়া ও স্বাস্থ্যসেবা খাতেও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। নগরের ৪১টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ১১টির কাজ শেষ হয়েছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য কার্ড চালু এবং চসিক জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারার বিষয়টি স্বীকার করেন শাহাদাত। তার মতে, নগরবাসীর অসচেতনতা এবং যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা পরিচ্ছন্নতা কার্যক্রমের অন্যতম বড় বাধা।
নগরের বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন চসিক প্রশাসক। তিনি বলেন, নগরের উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব একাধিক সংস্থার হাতে থাকায় কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। নগর সরকার প্রতিষ্ঠা করা গেলে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, হকার উচ্ছেদের পর তাদের পুনর্বাসন এবং বিভিন্ন এলাকায় উন্নয়নকাজের জন্য জমির নিয়ন্ত্রণ সংক্রান্ত জটিলতা নিরসনেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সব সেবা ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করা গেলে নগরের সমস্যাগুলো মোকাবিলা সহজ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আর এস এম নসরুল কাদের, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবুল হাসেম মোহাম্মদ বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন ডা. শাহাদাত হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয়েছিল। পরে গত ২৫ অক্টোবর সরকার তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।




