গোপালগঞ্জের প্রশাসনিক ও পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে শীর্ষ এই দুই পদে পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এই রদবদলের প্রেক্ষাপটে গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও মহড়া লক্ষ করা গেছে। মিছিলের সময় অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমের মতো দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের অনেককে হেলমেট পরিহিত অবস্থায় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সরকার জেলা প্রশাসনের শীর্ষ দুই পদে এই পরিবর্তন আনল।




