গোপালগঞ্জে লগি-বৈঠা ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং শহরজুড়ে ভাঙচুরের ঘটনার পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিজিবি।
বিজিবি হেডকোয়ার্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল। দলটির আগামী ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার বার্তা নিয়ে আয়োজিত এই মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আজ দুপুর ১২টায় গোপালগঞ্জ শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা হাতে শহরের মূল এলাকায় প্রবেশ করেন। এ সময় মিছিলকারীদের 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ প্রদর্শনকালে মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন। পরবর্তীতে তারা মিছিল নিয়ে গিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভেঙে আগুন ধরিয়ে দেয়।
তাছাড়া, গোপালগঞ্জ পৌরসভার সামনে থাকা বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে শহরের লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ একাধিক স্থানে বাঁশ, কাঠ ও টায়ার জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মিছিলকারীরা।




