গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে জেলাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করছে। তিনি বলেন, আগে গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল, রোববার আরও তিন প্লাটুন যুক্ত হওয়ায় বর্তমানে জেলায় মোট ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে নাশকতার উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয় এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্য নিয়োজিত রয়েছেন। তিনি জানান, জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল পেট্রোলিং থাকায় যান চলাচল এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। এছাড়া জেলা সদরসহ বিভিন্ন উপজেলা শহরে জনসাধারণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।




