নগর প্রতিবেদক: গ্রেফতার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম ডিসেম্বরে জানবাজি রেখে মাঠে নামবেন বলে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আশ্বস্ত করেছিলেন। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটকে সামনে রেখে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়ে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিরও চেষ্টা করছিলেন জাহাংগীর।
প্রাথমিকভাবে এ দুটি অভিযোগের সত্যতা পাওয়ায় জাহাংগীরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) রাতে আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
এদিকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া তিনটায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো.জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ বলছে, জাহাংগীরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আর কেউ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কী না সেটা খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বরে মাঠে নামা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, দুটা অভিযোগ পেয়েছি। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এরকম দু’টা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। একটা মেসেজে এরকম বলা হয়েছিল যে- ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এরকম একটা মেসেজ। ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে- এরকম আর একটা মেসেজও পেয়েছি।
ডিসেম্বরে মাঠে নামার বিষয়ে ‘ফ্যাসিস্টদের’ জাহাংগীর আশ্বস্ত করেছিলেন বলে স্বীকার করলেও এর বেশি কিছু জানাতে অপারগ ডিআইজি, মামলার এজাহারে যা আছে তার বেশি আমি বলতে পারব না। মামলাটি তদন্তাধীন।
মামলার এজাহারে কী আছে জানতে চাইলে তিনি বললেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি।
নিষিদ্ধ সংগঠনের কার সঙ্গে জাহাংগীরের যোগাযোগ ছিল জানতে চাইলে তিনি বললেন, তদন্তে বিষয়গুলো পরিস্কার হবে। এজাহারের বাইরে কোনো প্রশ্ন করলে আমার উত্তর দেওয়া সমীচীন হবে না।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বললেন, জাহাংগীরের সঙ্গে এ প্রক্রিয়ায় বাহিনীর আরও কারা ছিল, একই ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত কী না সেটা অবশ্যই তদন্ত করা হবে। মামলার তদন্ত হলেই জড়িতদের বিষয়ে জানা যাবে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
জাহাংগীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে বলেও ডিআইজি জানালেন।
জানা গেছে, মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে গত ১০ নভেম্বর জাহাংগীরের ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেন।
গত শনিবার রাতে মামলা হওয়ার পর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ অফিসার্স মেসে গিয়ে জাহাংগীরকে গ্রেফতার করে। মামলাটির তদন্তভার পেয়েছে একই ইউনিট।




