বাংলা গান ও চলচ্চিত্রের কিংবদন্তি গীতিকার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার পাশাপাশি সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের কাছে তাঁর আশঙ্কাজনক পরিস্থিতির কথা নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জিন্নাত আরা জামান।
স্বামীর বর্তমান অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে জিন্নাত আরা জামান বলেন, ‘ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না, কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যথা হচ্ছিল। পরে রাত সাড়ে ১০টা-১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার কিছুদিন আগে রফিকউজ্জামানের বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছিল, যেগুলোর ফলাফল সন্তোষজনক আসেনি। আজ বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে বসে তাঁর সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করবেন। এ পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে প্রিয় এই গুণী শিল্পীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রে গান লেখা শুরু করেন মোহাম্মদ রফিকউজ্জামান। তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ গীতিকবিতার ক্যারিয়ারে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান। এর মধ্যে ‘সেই রেললাইনের ধারে মেঠো পদ্মার পারে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘আমার মতো এতো সুখী’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘জীবন নামের রেলগাড়িটা’, ‘পদ্ম পাতার পানি নয়’, ‘কিছু কিছু মানুষের জীবনে’ এবং ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’ প্রভৃতি গান উল্লেখযোগ্য।




