সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের দেওয়া পরামর্শকে উদ্ভট আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর ব্যাখ্যা করেন, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়, যার অর্থ কোনো মামলার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে পুনরায় নতুন করে বিচার করা। এক সময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন দেশেই এ ধরনের বিচারব্যবস্থার বিধান থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে। আমিনুল ইসলাম প্রশ্ন তোলেন, যে দেশে নিজেরাই এই বিচারপ্রক্রিয়া অনুসরণ করে না, তারা অন্য দেশকে কীভাবে এমন পরামর্শ দেয়, তা বোধগম্য নয়।
ভারতের বর্তমান অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা যখন থেকে ভারতে অবস্থান করছেন, তখন থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত। বিচার শুরুর সময় ভারত কেন তাকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার বা সময়মতো আপিল করার পরামর্শ দেয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি। আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়াকে তিনি উদ্ভট হিসেবে অভিহিত করে বলেন, ট্রাইব্যুনাল বা সরকার কারোই শেখ হাসিনাকে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার নেই, এটি সম্পূর্ণ আইনের বিষয়।
ট্রাইব্যুনালের আইন ও বিধিমালা সম্পর্কে আমিনুল ইসলাম জানান, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করেছিল এবং ২০১০ সালে বিচার পরিচালনার বিধিমালা তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত সেই আইন ও বিধিমালা মেনেই ট্রাইব্যুনালের কার্যক্রম চলেছে। বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি উল্লেখ করে তিনি জানান, বিদ্যমান আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া চলমান এবং আইনি ভিত্তি ছাড়া নতুন করে আপিলের সুযোগ তৈরির কোনো অবকাশ নেই।




