রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনে থাকা এই দপ্তরে তালা দেন। এর আগে, ব্রুসার ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। রোববার দুপুর ১২টার মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা এই কঠোর অবস্থানে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে একজন শিক্ষককে পরিচালক হিসেবে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের ধারাবাহিকতায় গত সপ্তাহে তারা উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছিলেন।
তালা দেওয়ার পর ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, প্রশাসনের সঙ্গে কয়েক দফায় কথা হলেও তারা আশানুরূপ কোনো ফলাফল দেয়নি। বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আমরা দপ্তরে তালা লাগিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন। এছাড়া, সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন এই কর্মকর্তা।




