মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকা থেকে নিখোঁজের চার দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ধানক্ষেতের পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত আশিক ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর একটি মাদক মামলায় জামিনে মুক্তি পান আশিক। এরপর বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির কাছের খালে জাল নিয়ে মাছ ধরতে যান। কিন্তু মাছ ধরতে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর শুক্রবার মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার খালের অপর পাশে থাকা একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেন। পরে ঘটনাস্থলে গিয়ে আশিকের পরিচয় শনাক্ত করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।’ স্বজনদের দাবি, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে তাদের পরিবারের বিরোধ ছিল। ওই শত্রুতার জেরেই আশিককে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে আশিকের পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ। ঘটনার পর কবির মাতুব্বরকে বাড়িতে পাওয়া না গেলেও নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় দাবি করেন, এই ঘটনায় কবির বা তার লোকজনের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় রাজনৈতিক শত্রুতা ও দলাদলির কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কবিরের নাম জড়ানো হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এই মৃত্যুর আসল রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




