বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঋণ পরিশোধের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড এবং ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য ‘সুকুক’-এর মাধ্যমে ঋণ গ্রহণের পরিমাণ বাড়ানো হচ্ছে। কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি জানান, বেসরকারি খাত এতদিন মূলত ব্যাংক থেকে ঋণ নেওয়ায় ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ তৈরি হয়েছে। উচ্চ সুদে ঋণ নিতে গিয়ে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস এখন শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত করা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক বা লন্ডনের বাজারে আন্তর্জাতিক বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। তবে বন্ডের সুদহার ও প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি, এ বিষয়ে কাজ চলছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বন্ড ও পুঁজিবাজারের সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, উপযুক্ত সময়ে ইউএস ডলার ইউরোবন্ড, সুকুক, জাপানের ‘সামুরাই বন্ড’ ও চীনের ‘পান্ডা বন্ড’ ছাড়ার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থানীয় বন্ড বাজার সহজলভ্য করতে জেপি মরগানের ‘জিবিআই-ইএম এজ’ সূচকে বাংলাদেশের বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানো এবং ‘ইউরোক্লিয়ার’ ও ‘ক্লিয়ারস্ট্রিমের’ সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী জানান, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীর ভিত্তি শক্তিশালী করতে গ্রিন বন্ড ও ব্লু বন্ডের পরিধি বাড়ানোর পাশাপাশি পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘কত ঋণ নেওয়া হলো, তা নয়; ঋণ কতটা ভালোভাবে কাজে লাগানো হলো, সেটাই আসল।’ ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেটঘাটতি মেটানো বন্ধ করায় সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে এবং ঋণের খরচ কমেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও বর্তমানে তা ৮ থেকে ৯ শতাংশের মধ্যে নেমে এসেছে। এছাড়া স্বচ্ছতা আনতে ‘ডেট রিপোর্ট’ প্রকাশ ও ‘বার্ষিক ঋণ পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা বা জিডিপির ৩৬ শতাংশ। ওই সময় বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা, যা ২০২৬ সালের ৩০ জুন ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। আইএমএফের হিসাবপদ্ধতি অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হচ্ছে, যা ২০২৯-৩০ অর্থবছরে সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে উঠবে। টেকসই ঋণ ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বৃদ্ধি, করজাল সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো আর ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন করা হচ্ছে। পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমন্বিত ‘ডেট ম্যানেজমেন্ট অফিস’ (ডিএমও) গঠন ও সময়োপযোগী সংশোধনীর মাধ্যমে ‘পাবলিক ডেট অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বাভাবিকভাবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে এ সম্মেলন থেকে বাস্তবসম্মত সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সম্মেলনে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
আগের দুই বছরে (২০২২ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ৩০ জুন) সরকারি ঋণ বেড়েছিল ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
একই সময়ে সরকারকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের ঋণ ৭৩০ কোটি টাকা থেকে বেড়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় পৌঁছায়।




