বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে শুরু হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দীপিকার একটি পুরনো ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ গয়না পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ওই গয়নার একটি পাথরে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ বা ‘আল্লাহর নিরাপত্তায়’ কথাটি খোদাই করা ছিল।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালনকালে দীপিকা ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা ‘লখনউ রোজ’ নামের একটি নেকলেস পরেছিলেন। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে তৈরি এই গয়নাটি ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সংমিশ্রণে তৈরি। রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি এই মহারানি নেকলেসটি এতদিন দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবেই পরিচিত ছিল, কিন্তু কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর এটি নতুন করে আলোচনায় এসেছে।
উল্লেখ্য, গত দীপাবলিতে কারিনা কাপুর খান ডিজাইনার পুনিত বালানার নকশা করা পোশাকের সঙ্গে ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরেছিলেন, যাতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। এই লকেট ব্যবহারের জেরে গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তার আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ধর্মীয় আয়াতের এ ধরনের ব্যবহার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলে অভিযোগ করা হয়েছে এবং লকেটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
কারিনার পরা এই লকেটটি ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে সাইফ আলী খানের পরিবারের কাছে উত্তরাধিকার সূত্রে এসেছে। বিতর্কের মুখে কারিনার পাশে দাঁড়িয়েছে হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের মতো সংগঠনগুলো। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন। তবে এখন পর্যন্ত কারিনা কাপুর খান বা রিয়া কাপুর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। দুই অভিনেত্রীর গয়নায় ধর্মীয় বার্তা ও প্রতীকের ব্যবহার নিয়ে বর্তমানে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছে।




