সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সীমান্ত এলাকা পুর্নগ্রামে কোনোভাবেই থামছে না অপহরণকারী চক্রের তাণ্ডব। ঐ এলাকার সাপেরগাড়া, কালাপাড়া, লাপেরঘোনা, ফুলছড়ি, খেলিবিল, গোলচড়া, বড়চড়া, মুরংগ্যাঝিরিসহ বেশ কটি পাহাড়ি আস্তানা রয়েছে। সম্প্রতি দশকাইন্না নামক টং ঘরে বন্দি রেখে পাশবিক নির্যাতনের পর অবশেষে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হয়েছেন শামসুল আলম (৬১) নামে এক কৃষক। তিনি বর্নিত গ্রামের শহর মুল্লুকের পুত্র। এরপর ও থেমে নেই ঐ চক্রের নানাফন্দি। তারা বাগান থেকে মহিষ-গাছ লুট ও অবৈধ অস্ত্র সরবরাহে জড়িত। ফের ২ লাখ টাকা দাবী করেছে চক্রটি। টাকা না দিলে অবৈধ অস্ত্র হাতে ধারনকৃত তার ছবি /ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট পৌঁছানোর হুমকি দিয়ে বেড়াচ্ছে অনবরত।
গত ১১ অক্টোবর উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রাম দশকাইন্ন্যা নামক স্থানে অপহরনের এ ঘটনায় কৃষক শামসুল আলম বাদী হয়ে চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিহ্নিত ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং সিআর ১৯৯৫-২০২৬ ইং। মামলার পর আরো বেপরোয়া হয়ে উঠেছে ঐ অপহরণকারী চক্র।
পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল ৮ টার দিকে কৃষক শামসুল আলম তার পালিত ডজনাধিক গরু নিয়ে দশকাইন্না নামক চারন ভুমিতে গেলে চিহ্নিত ডাকাত আবছার, রমজান, জসিম, গিয়াসসহ একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে জিম্মি করে গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। অপহরণের দিন রাতেই শামসুল আলমের পরিবারের মোবাইল ফোনে কল দিয়ে তার প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শামসুল আলমের স্বজনরা জানান, জীবনের ভয়ে তারা অপহরণকারীদের সাথে দরকষাকষি শুরু করেন। একপর্যায়ে ৩ লাখ টাকা দিলেও শামসুল আলমকে ছেড়ে দিতে গড়িমসি করে চক্রটি। বাধ্য হয়ে ঋণ করে মুক্তিপণ পরিশোধ করার পরই রাতেই বন্দি দশা থেকে কৌশলে পালিয়ে আসেন কৃষক শামসুল আলম। খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এখনো তার শারীরিক অবস্থা সংকটজনক। টানা অনাহারে -অর্ধাহারে রাখা এবং ভারী অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তার ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়েছে। শরীরের একাধিক স্থানে গভীর আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মারধর ও মানসিক ট্রমার কারণে তিনি গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি স্ত্রী, কন্যা, ২ সন্তান ও তাদের স্ত্রী পুত্র নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে।
বিষয়টি নিশ্চিত করে খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার নুরুল আজিম বলেন, অপহৃত ব্যক্তি পাহাড়ি এলাকা থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রথমে থানায় নিখোঁজ জিডি করা হয়। পরে আদালতে শরাণাপন্ন হন। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে।
ঈদগাঁও-ঈদগড় ও পুর্নগ্রামের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী চক্রগুলোর অপহরণ, মুক্তিপণ আদায় এবং সাধারণ মানুষদের গহীন পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনা সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কৃষি কাজ বা দৈনন্দিন কাজে পাহাড়ি সীমান্ত এলাকায় যেতে এখন চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা, হিমছড়ি ঢালায় ডাকাতদলের
একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এসব পাহাড়ি আস্তানায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানের জোর দাবি জানিয়েছেন।
Post Views: 30




