রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পর এবার পান্থপথ, খিলক্ষেত ও ক্যানটনমেন্ট এলাকায় ককটেল ফুটিয়েছে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যার দিকে রাজধানীর ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই রাতে ১১টার দিকে ক্যানটনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর, অর্থাৎ রাত সাড়ে ১১টার দিকে পান্থপথ এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া খিলক্ষেত এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অন্তত নয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এসব বিস্ফোরণ সংঘটিত হয়। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পর পরপর ঘটা এসব ঘটনায় শিক্ষার্থী ও পথচারী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশের তথ্যানুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগের রাতেও রাজধানীর যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা। পাশাপাশি মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।




