রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়নে নির্ধারিত উপকারভোগী পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামাজিক সুরক্ষা ও সহায়তা কার্যক্রমটির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোকিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং উক্ত ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার মো. আহসান হাবীব কাজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলু। এছাড়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাশ, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতাউজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এতে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের সভাপতি মো. মোজাম্মেল হক সজিব, ডাকরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুজ্জামান লেলিন এবং বনকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিনার আলী। উদ্বোধনী এই আয়োজনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় অধিবাসীরা উপস্থিত থেকে উদ্যোগটিকে স্বাগত জানান।




