বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তার আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে তারা বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবি জানিয়েছেন।
এই চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, তিনি তার সহকর্মীদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই চিঠি দিয়েছেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্তের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি অভিযুক্তের মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। তারা স্পষ্ট করেছেন যে, তারা শেখ হাসিনার জন্য কোনো দায়মুক্তি বা আগাম বিচারিক সিদ্ধান্ত প্রত্যাশা করেন না।
চিঠিতে বৃটিশ সরকারের কাছে চারটি সুনির্দিষ্ট উদ্যোগ চাওয়া হয়েছে। প্রথমত, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে তাকে সুরক্ষা প্রদান করা। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করা। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত, রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভয়ভীতি বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহায়তা দেওয়া।
বব ব্ল্যাকম্যানের নিবন্ধে উল্লেখ করা হয়, ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত না হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে থাকে।




