ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান।
হামলাকারীরা একপর্যায়ে পুলিশের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন, সিরাজ মোল্লাসহ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।




