সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রকমারি বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে এ জাতীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্যের একপর্যায়ে তিনি ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুমুখী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান।
ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের স্থানীয় ফুটবলার ও ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা মনে করছেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে তৃণমূল থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে এবং জেলাটির সার্বিক ক্রীড়াঙ্গন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, পৌর প্রশাসক মো. শাহাদৎ হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। এছাড়া জেলা বিএনপি ও তার সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় মাঠে উপস্থিত ছিলেন।




