মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি বছরেই বাংলাদেশ সফরে আসছেন। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, আগামী নভেম্বরের শেষভাগে অথবা ডিসেম্বরের যেকোনো সময়ে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন। সফরটি বাস্তবায়নে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনা চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তারিখসহ সফর সংক্রান্ত বিষদ তথ্য জানা যাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর আনোয়ার ইব্রাহিমের এই আগমনই হতে যাচ্ছে কোনো বিদেশী সরকারপ্রধানের প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ৪ঠা অক্টোবর সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে শেষবার ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
চলতি বছরের ২১শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। সেই সফরকালে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে শীর্ষ বৈঠক হয় এবং একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফর চলাকালেই তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণের পর থেকেই কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে সফরের প্রস্তুতি নিচ্ছিল দুই দেশ, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে গত ৩রা নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে আয়োজিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (চোগাম) সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজী মোহাম্মাদ বিন হাজী হাসান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ পুনরুল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ জানান যে, আনোয়ার ইব্রাহিম দ্রুতই বাংলাদেশ সফর করবেন।
আসন্ন এই সফরে দুই দেশের অর্থনৈতিক ও শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়া হবে। জুন মাসে তারেক রহমানের মালয়েশিয়া সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মী নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়ে দুই দেশ একমত হয়েছিল। শ্রমিকদের অধিকার সুরক্ষায় বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা ও কর্মী নিয়োগ প্রক্রিয়া তদারকিতে যৌথ কর্মদল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ ছাড়া দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) চালুর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ থেকে ২৯শে অক্টোবর ঢাকায় দুই দেশের প্রতিনিধি দল প্রথম দফার আনুষ্ঠানিক এফটিএ আলোচনায় বসে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা।
একই সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতি সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর প্রস্তাব। এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়েও সফরকালে অগ্রগতি পর্যালোচনা করা হবে।




