ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ খোর মোর গ্যাসক্ষেত্রে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রটির একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে গ্যাসক্ষেত্রটির সব ধরনের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, হামলার স্থান থেকে দীর্ঘ সময় ধোঁয়া উঠতে দেখা গেছে এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গ্যাস উৎপাদন বন্ধ করার পরও আগুন জ্বলছিল। ঘটনার পরেই গ্যাসক্ষেত্রে কর্মরত কর্মচারীদের ভেতরের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে থাকে। আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলা ও উৎপাদন বন্ধের কারণে ওই অঞ্চলে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে ক্ষতির প্রভাব কমিয়ে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত জুলাই মাসেও নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে খোর মোর গ্যাসক্ষেত্রের যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডানা গ্যাস’ প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল, তবে কিছুদিন পর তা আবার চালু করা হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী তীব্র সামরিক উত্তেজনার কারণে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে রয়েছে বাগদাদ। সাম্প্রতিক সময়ে তেহরান উত্তর ইরাকে অবস্থিত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর আক্রমণ চালিয়েছে এবং সংঘাতের শুরুর দিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ইরাক অন্যতম।




