সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলায় বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় , ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার প্রায় ১০০ হেক্টর পুকুর প্লাবিত হয়ে অনেক মৎস্য খামারী ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্ত খামার, পুকুর ও দিঘীর সংখ্যা ছিল প্রায় ৩ শতাধিক। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৪১জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে পুকুরের পরিমাপ অনুযায়ী ৩৭৫ কেজি কার্প জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ক্ষেত্র সহকারী মনোজ চৌধুরী ও অফিস সহায়ক বাবলু শীলসহ আরও অনেকে।
সাতকানিয়া উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন বলেন, ২০২৪ সালের বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছিলাম। এরই প্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ৪১ মৎস্য চাষীকে প্রণোদনার অংশ হিসেবে ৩৭৫ কেজি পোনা বিতরণ করা হয়েছে।




