নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় দ্রুতগতির যাত্রিবাহী বাসের মুখোমুখি সংষর্ঘ ও চাপায় নিহত হয়েছেন মো. হাবিবুর রহমান (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু মো. জাবেদ (১৮)।
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনাঞ্চল জাঙ্গাইল্লা এলাকায় আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে ঘটেছে এ দূর্ঘটনা।
নিহত হাবিবুর রহমান সঙ্গীকে সাথে নিয়ে মোটর সাইকেলে চড়ে কক্সবাজারমুখী যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীতমুখী দ্রুতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় বাসের চাপায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
চট্টগ্রাম শহরমুখী সেই বাসটি একইমুখী অপর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে। হাবিবুর রহমান লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকার বাবুলের পুত্র এবং চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজের ছাত্র বলে জানা গেছে।
আহত জাবেদও কুলপাগলী এলাকার সাবেক মেম্বার হারুনের পুত্র। ঘটনার পর সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আটক করে সেই বাসটি।




