কিশোরগঞ্জের কুলিয়ারচর সদর উপজেলা বিএনপির প্রধান দলীয় কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেন এবং ‘মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন’ নামের ওই ছাপাখানাটিতে তালা ঝুলিয়ে দেন।
পুলিশে সোপর্দ করা ব্যক্তির নাম কাজী জহিরুল ইসলাম (৪৫)। তিনি পার্শ্ববর্তী ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে। আটক হওয়ার পর পুলিশ হেফাজতে তিনি দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত ফটোকার্ড বা পোস্টার তৈরির উদ্দেশ্যে তিনি ছাপাখানাটিতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রথম বিষয়টি লক্ষ্য করেন যে ছাপাখানাটিতে আওয়ামী লীগের ব্যানার তৈরির কাজ চলছে। খবরটি ছড়িয়ে পড়লে পৌর বিএনপির নেতাকর্মীরা দ্রুত সেখানে জড়ো হন এবং কাজী জহিরুল ইসলামকে আটক করেন। একই সঙ্গে তারা প্রেসে তালা ঝুলিয়ে দেন।
বিএনপির দলীয় কার্যালয়ের ঠিক নিচেই কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ব্যানার ছাপানোর অর্ডার প্রেস কর্তৃপক্ষ কীভাবে গ্রহণ করল—তা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নিষিদ্ধ দলের ব্যানার তৈরির পেছনে শুধু অর্ডারদাতাই নন, প্রেস সংশ্লিষ্টদেরও দায় থাকতে পারে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছাপাখানাটির মালিক মীর আলফাজ উদ্দিন। নিজেকে বিএনপির একজন ত্যাগী কর্মী দাবি করে তিনি বলেন, ঘটনার সময় তিনি দোকানের পেছনের অংশে ছিলেন। দোকানের কর্মচারীরা বিষয়টি বুঝতে না পেরে অর্ডারটি গ্রহণ করেছে। তিনি সামনে উপস্থিত থাকলে এমন ঘটনা কখনোই ঘটত না উল্লেখ করে বলেন, বিগত ১৭ বছরেও তিনি আওয়ামী লীগের কোনো ব্যানার বানাননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




