বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ১৮ কোটির বেশি মানুষের বসবাস। ভৌগোলিক আয়তনে বিশ্বপর্যায়ে ৯৩তম এবং এশিয়ায় ২৬তম হলেও ছোট ভূখণ্ডের এই দেশটি পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের অঞ্চল। সার্বিক জাতীয় রূপান্তরে আগামী এক দশকে বাংলাদেশের জনসংখ্যার আকার, বয়সকাঠামো, জন্ম ও মৃত্যুহারের পরিবর্তন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত পরিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ টেকসই উন্নয়নের পথকে গভীরভাবে প্রভাবিত করবে। বর্তমানে বিশ্ব জনমিতিক পরিবর্তন ও রূপান্তরের মধ্য দিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে জনসংখ্যার গুণগত ও পরিমাণগত দিকগুলোকে স্থান দেওয়ার তাগিদ উঠেছে। জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখছে কি না এবং আগামী দশকের সম্ভাব্য জনসংখ্যাকে কীভাবে দক্ষ, সুস্থ ও উৎপাদনশীল মানবিক শক্তিতে রূপান্তর করা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় নীতিগত প্রশ্ন।
জন্ম ও মৃত্যুহার হ্রাসে জনমিতিক রূপান্তর মডেলের তৃতীয় পর্যায়ে পৌঁছানোর ফলে ২০৩৬ সাল পর্যন্ত বাংলাদেশে নির্ভরতার হার সবচেয়ে অনুকূল অবস্থায় থাকবে। চীনের অভিজ্ঞতার আলোকে কীভাবে বাংলাদেশ জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারে—তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকদের সম্পাদিত এক গবেষণায় দেখা গেছে, ২০৩৬ সালে দেশের মোট জনসংখ্যা পৌঁছাবে প্রায় ২০ কোটিতে। ওই সময়ে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা পৌঁছাবে সর্বোচ্চ পর্যায়ে, যা মোট জনসংখ্যার প্রায় ৬৬.৫৭ শতাংশ বা সাড়ে ১১ কোটি মানুষ। ফলে পরবর্তী এক দশক বাংলাদেশ প্রথম জনমিতিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় পার করবে। এই বৃহৎ যুব ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত গতি পাবে।
তবে কর্মক্ষম জনগোষ্ঠীর এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে তা বড় ধরনের জনমিতিক বোঝায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি ও ডিজিটাল দক্ষতা এবং কর্মসংস্থানে প্রয়োজনীয় বিনিয়োগ না হলে যুবসমাজের মধ্যে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। প্রবৃদ্ধির চালিকা শক্তি গড়ে তুলতে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানো, উৎপাদনশীল বিনিয়োগ নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি। চীনের মতো মানবপুঁজি গঠনে শিক্ষা ও স্বাস্থ্যে টেকসই বিনিয়োগের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভিইটি) সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পাশাপাশি দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। ২০২৭ সালেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি ‘এইজিং সোসাইটি’ বা বার্ধক্যমুখী সমাজে পরিণত হতে যাচ্ছে। ২০৩৬ সাল নাগাদ ৬০ বছরের বেশি বয়সী মানুষের হার হবে ১২.২৬ শতাংশের বেশি এবং ৬৫ বছরের চেয়ে বেশি বয়সী মানুষ থাকবে ৮.৫২ শতাংশ। এতে প্রবীণদের সংখ্যা বাড়লেও শিশুদের অনুপাত কমে আসবে। ফলে দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জনের জন্য প্রবীণদের দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা, জেরিয়াট্রিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা, মানসিক যত্ন, পারিবারিক ও কমিউনিটিভিত্তিক পরিচর্যার প্রস্তুতি এখন থেকেই নেওয়া আবশ্যক।
আগামী এক দশকে দেশের উন্নয়নে তিনটি সম্ভাব্য দৃশ্যপট দেখা যেতে পারে। প্রথমত, দক্ষ মানবসম্পদ ও সামাজিক সুরক্ষার সঠিক প্রয়োগে অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক রূপ নেবে। দ্বিতীয়ত, অসম অগ্রগতির কারণে প্রবৃদ্ধি বজায় থাকলেও দক্ষতার ঘাটতি, আয়ের বৈষম্য ও অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রবৃদ্ধির সুফল সীমিত হয়ে পড়বে। তৃতীয়ত, প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে কর্মসংস্থান সংকট, জলবায়ু স্থানান্তর ও স্বাস্থ্য ব্যয় বৃদ্ধির কারণে সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হবে। এই প্রেক্ষাপটে জনসংখ্যা ও উন্নয়নের জন্য বেশ কিছু প্রধান নীতিগত প্রশ্ন দেখা দিয়েছে:
জনমিতিক লভ্যাংশ অর্জনে কর্মক্ষম জনগোষ্ঠীকে কীভাবে উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তর করা যাবে?কর্মসংস্থান ও বৈষম্য নিরসনে প্রবৃদ্ধির সুফল কীভাবে তরুণ, নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে?প্রজনন ও পরিবার গঠনে পরিবর্তিত প্রবণতার সঙ্গে নীতি কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে এবং কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রোধে লক্ষ্যমুখী কৌশল বাস্তবায়ন করা যাবে কি না?বার্ধক্যের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের স্বাস্থ্য, আয়, মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও বাজারের ভূমিকা কী হবে?অভিবাসন ও নগরায়ণে গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের সুযোগের ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠিত হবে?জলবায়ু পরিবর্তনের ঝুঁকির শিকার জনগোষ্ঠীর অভিযোজন, স্থানান্তর ও পুনর্বাসন কীভাবে নিশ্চিত করা হবে?উচ্চ জনঘনত্ব ব্যবস্থাপনায় কেন যেকোনো উন্নয়ননীতি ও পরিকল্পনায় জনঘনত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত?মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা কীভাবে নিশ্চিত করা যাবে?পরিকল্পনা ও বাজেট প্রণয়নে জনসংখ্যা-সংক্রান্ত নির্ভরযোগ্য উপাত্ত কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা হবে?উল্লিখিত নীতিগত প্রশ্নের আলোকে আগামী এক দশকের জন্য মূল অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও পুষ্টিতে অগ্রাধিকারমূলক বিনিয়োগ করা এবং যুবদের জন্য মানসম্মত কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন ঘটানো। পাশাপাশি প্রজননস্বাস্থ্য সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ, বাল্যবিবাহ রোধ, লিঙ্গসমতা এবং সিদ্ধান্তে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। প্রবীণদের জন্য উপযুক্ত পেনশন ও প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি সাশ্রয়ী আবাসন, পরিবহন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা প্রয়োজন। সব ক্ষেত্রে নির্ভরযোগ্য জনমিতিক তথ্য, নমুনা জরিপ এবং জন্ম ও মৃত্যুনিবন্ধনের ডিজিটাল মান বজায় রেখে প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ জোরদার করতে হবে।
বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে দেশের সার্বিক উন্নয়ন ভাবনার কেন্দ্রে রাখা। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক বাজেট ও খাতভিত্তিক কৌশলে জনমিতিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করে শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত জীবনচক্রভিত্তিক নীতি গ্রহণ করা জরুরি। জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল, শহুরে দরিদ্র ও অভিবাসনপ্রবণ মানুষের জন্য লক্ষ্যভিত্তিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে মানবসম্পদ, উদ্ভাবন ও টেকসই সামাজিক অগ্রগতি অর্জন নিশ্চিত করা সম্ভব। এই বিশ্লেষণ তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
১৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা পৌঁছে যাবে চূড়ান্ত পর্যায়ে, তখন নির্ভরশীলতার হার হবে সর্বনিম্ন।
বর্তমানে এ দেশের প্রায় ৭ শতাংশ (প্রায় ১.২ কোটি মানুষ) ৬৫ বছর বা তার বেশি বয়সী।




