মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় হাসিবের বাঁ হাত মারাত্মকভাবে জখম হয়েছে। ঘটনায় অভিযুক্ত হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নাম শনাক্ত করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ সংশ্লিষ্ট রিসোর্টে পাঠানো হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার পর ভুক্তভোগী হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস জানিয়েছেন, হামলার শিকার হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি পুনরায় শ্রীমঙ্গলে ফিরে এসে থানায় মামলা দায়ের করবেন এবং পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন। প্রীতম দাস আরও জানান, ঘটনার সময় হাসিবের সঙ্গে তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের বা অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।




