টাক্সেডো পরা নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে ঘিরে শুরু হয়েছে জেমস বন্ড হওয়ার জোর জল্পনা। বুধবার প্রকাশিত এসব ছবিতে তার মার্জিত পোশাক ও উপস্থিতি দেখে ভক্তদের একাংশ দাবি তুলেছেন, পর্দা কাঁপানো গুপ্তচর চরিত্র ‘০০৭’-এর ভূমিকায় হৃত্বিকই হতে পারেন উপযুক্ত পছন্দ। ছবিগুলো দেখে অনেকের ধারণা, হলিউড নির্মাতাদের কাছে নিজের আগ্রহের ইঙ্গিত দিচ্ছেন এই তারকা। যদিও এ গুঞ্জন নিয়ে হৃত্বিকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।
লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি করা কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের সঙ্গে টাক্সেডোর সম্পর্ক দীর্ঘদিনের। বড় পর্দায় আইকনিক এই চরিত্রটিতে বিভিন্ন সময়ে অভিনয় করে নজর কেড়েছেন শন কনারি থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগের মতো খ্যাতনামা অভিনেতারা। বর্তমানে নতুন জেমস বন্ড নির্বাচনের লক্ষ্যে অডিশন প্রক্রিয়া পরিচালনা করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। তবে এখন পর্যন্ত যেসব অভিনেতা অডিশনে অংশ নিয়েছেন, তাদের সবাই যুক্তরাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। ফলে প্রচলিত ধারার বাইরে গিয়ে যুক্তরাজ্যের বাইরের কোনো তারকাকে স্টুডিওটি সুযোগ দেবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে। তা সত্ত্বেও হৃত্বিকের সুগঠিত ব্যক্তিত্ব ও পর্দায় আকর্ষণীয় স্টাইলের কারণে ভারতীয় অনুরাগী মহলে তাকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মন্তব্যের ঝড় ওঠে। এক ভক্ত আশা প্রকাশ করে লিখেছেন, তারা যদি ভারতীয় বংশোদ্ভূত কাউকে জেমস বন্ড হিসেবে গ্রহণ করতে পারত। আরেক অনুরাগী লেখেন, গ্রিক দেবতার মতো দেখতে এবং আশা করি হৃত্বিক ভাই জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। এদিকে নতুন ছবিগুলোতে হৃত্বিকের শারীরিক গঠন আগের তুলনায় কিছুটা ছিপছিপে মনে হওয়ায় অনেকের নজর সেদিকেও গেছে। কিছু ভক্ত তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানালেও সিংহভাগ অনুরাগী দীর্ঘদিন পর প্রিয় তারকাকে নতুন কোনো সিনেমায় প্রধান চরিত্রে দেখার প্রহর গুনছেন। গত বছরের আগস্টে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’-এর পর বড় কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে, তবে সামনে ‘আলফা’ ও ‘জেলার ২’ সিনেমায় ছোট চরিত্রে বা ক্যামিও রূপে দেখা যাবে এই অভিনেতাকে।




