পাটের পরিবেশগত সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সহযোগিতার পথ খুঁজছে বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিম ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশন টিম এক বৈঠকে মিলিত হয়েছে। বৈঠকে পাটের পরিবেশবান্ধব বিভিন্ন বৈশিষ্ট্য এবং ফাউন্ডেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে কীভাবে সমন্বয় করে কাজ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন বাংলাদেশের উপস্থাপিত 'জুট ইকোসিস্টেম সার্ভিসেস'-এর ভূয়সী প্রশংসা করে। ফাউন্ডেশন টিম পাটকে কার্বন-নেগেটিভ এবং সম্পূর্ণ জৈব-অবচনযোগ্য প্রাকৃতিক তন্তু হিসেবে অভিহিত করে। প্লাস্টিকের একটি কার্যকর বিকল্প হিসেবেও তারা পাটের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিমও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের বর্জ্যহীন ব্যবস্থাপনা গড়ে তোলার টেকসই উদ্যোগের প্রশংসা করেছে।
উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। নতুন নতুন ধারণা এবং যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে পাটের পরিবেশগত সুবিধা ও ফাউন্ডেশনের কার্যক্রমকে কাজে লাগিয়ে বাস্তবভিত্তিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও যুব নেতৃত্বের প্রতিনিধিরা দিনভর প্যাভিলিয়নটি পরিদর্শন করেছেন। প্যাভিলিয়নে আসা দর্শনার্থীদের পাটপণ্যের প্রতি বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। প্যাভিলিয়ন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রদর্শনী থেকে বেশ কয়েকটি বড় আকারের অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




