আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম। এই নিলামকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা আহ্বান করেছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আসন্ন নিলামে অংশগ্রহণের জন্য নিজের নাম জমা দিয়েছেন।
মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলের এই নিলামে নাম লিখিয়েছেন। আগ্রহী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো তারকা খেলোয়াড়রা। আসন্ন এই আসরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিলামে নিবন্ধনের সুযোগ পাবেন।
উল্লেখ্য যে, গত আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআইর নির্দেশে তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর দুই দেশের সম্পর্কে উত্তাপ বেড়েছিল এবং বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও শেষ পর্যন্ত কেবল মুস্তাফিজই দল পেয়েছিলেন।




