যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার মস্কোতে ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে একজন অসাধারণ পেশাদার কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে দারচিয়েভের মৃত্যু আকস্মিক বলে উল্লেখ করা হলেও, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে ভুগছিলেন। সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ওয়াশিংটনে রুশ দূতাবাসের দায়িত্ব ছেড়ে তিনি মস্কোতে ফিরে এসেছিলেন এবং সেখানে দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে তার চিকিৎসা চলছিল।
অভিজ্ঞ এই কূটনীতিক ২০২৫ সালের মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তার দায়িত্ব পালনকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর দ্বিপক্ষীয় আলোচনা শুরু এবং ইউক্রেনকে মার্কিন সহায়তা কমানোর ঘটনা ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের উন্নতির আভাস তৈরি করেছিল।
দারচিয়েভ এর আগে ওয়াশিংটনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রও তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে ২০১৭ সালে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ৬৪ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান। মৃত্যুর সময় তার ৬৫তম জন্মদিনের মাত্র এক দিন বাকি ছিল।




